পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ৫০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে ক্ষতিপূরণ হিসেবে এ জরিমানা নির্ধারণ করা হয়।
বায়েজিদ আরেফিন নগর এবং পাহাড়তলি ফয়’স লেক এলাকায় পাহাড় কাটার অভিযোগে এই জরিমানার আদেশ দেন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নূরুল্লাহ নূরী।
তিনি জানান, গত রবিবার আমাদের টিম পরিদর্শনে গিয়ে বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ মৌজার আরেফিন নগর এলাকায় প্রায় ৩২ হাজার ছয়শ ঘনফুট পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।
সেখানে তালেমুল কোরআন মাদ্রাসা নামের একটি মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মো. আবু তৈয়ব মাটি কেটে দুই পাহাড়ের মাঝে একটি ‘টানেল’ তৈরি করেছেন এবং পাহাড়ের উপরের অংশে টিন শেড ঘর নির্মাণ করেছে। তাই ওই ব্যক্তিকে ৩২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারা অনুসারে জরিমানার পাশাপাশি কেটে ফেলা পাহাড় ও সুড়ঙ্গ পথ আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে, পাহাড়তলি থানার ফয়’স লেক এলাকায় প্রায় ১৮ হাজার ঘনফুট পাহাড় কেটে সেমিপাকা ঘর তৈরি করায় স্থানীয় আলী শাকের মুন্নাকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যেই ওই দুই ব্যক্তিকে ট্রেজারি চালানের মাধ্যমে ক্ষতিপূরণের এই টাকা জমা দিতে বলা হয়েছে।